অর্থনীতি
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর হতে যাচ্ছে। ইতিমধ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া। তবে এখনো দু’পক্ষের লড়াই চলছে। সেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন। জানা যাচ্ছে, সে জন্য খুব দ্রুতই মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বেইজিং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে ক্রেমলিনকে বিরত রাখতে রাজি করার চেষ্টা করছে বলে জানা গেছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট) পারমাণবিক অস্ত্র চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে। ২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা স্থগিত করলো রাশিয়া।
