শিক্ষা
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার সকাল ৮টায় বিশ্বকাপজয়ী পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের শুরুর দিন বিকেলে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, বনানীতে আর্জেন্টিনার মিশন উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে।
মিশন উদ্বোধন করার পর এই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
