শিক্ষা
ডেস্ক রিপোর্ট
(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে এক নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনার সত্যতা মিলেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি ও ছাত্রলীগের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। নির্যাতনকারীদের শনাক্ত করা হয়েছে। এ ছাড়া মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন ও সঙ্গে শতাধিক পৃষ্ঠার সংযুক্তি জমা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান, প্রতিবেদনে ভুক্তভোগী ছাত্রীকে নির্যাতনের ঘটনার বর্ণনা শুনে তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হয়েছেন। এমনকি নির্যাতনের কিছু চিত্রের বর্ণনার সময় কমিটির পুরুষ শিক্ষকদের বাইরে যেতে হয়েছে।
এদিকে হলে ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে ছাত্রলীগও। ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল রোববার রাতে কেন্দ্রে পাঠানো হয় বলে জানা গেছে।
