বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সমঝোতার সুযোগ নেই : ওবায়দুল কাদের।

sorbosesh24.com
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বাংলাদেশে সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তাদের সঙ্গে শুধু বাংলাদেশ নিয়ে নয় বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে।


আমরা গত ১৫ বছরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে যা করা দরকার এবং ৮২টি সংস্কার শেখ হাসিনা করেছেন সে ব্যাপারেও কথা বলা হয়েছে, যোগ করেন তিনি।  


এ সময় বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, সমঝোতার জায়গা বন্ধ করে দিয়েছে তারা-মার্কিন প্রতিনিধি দলকে এমনটাও জানানো হয়েছে। তাদের সঙ্গে আপস বা সমন্বয়ের আপাতত কোনো সুযোগ দেখছি না।

অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব আমরা তাদের জানিয়েছি। সভাসমাবেশে যেভাবে তারা ভুল তথ্য পরিবেশন করে, মিথ্যাচার করে এবং আইনের ভুল ব্যাখ্যা দেন সে বিষয়ে সঠিক তথ্য আমাদের তাদেরকে দিতে হয়েছে। তবে আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু দেশে এমন এমন গুজব ও মিথ্যাচার চলছে রাজনৈতিক দল হিসেবে বা ক্ষমতাসীন দল হিসেবে তার  জবাব আমাদের দিতে হবে বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল আসলে বলেছে তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি। তারা এখানে একটি ভালো নির্বাচন দেখতে চান। আমরা বলেছি অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ, জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং সেলক্ষেই কাজ করে যাচ্ছি।  
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশে সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বৈঠক শুরু সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর শেরাটন হোটেলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ গ্রহণ করে।

এ বৈঠকে যারা অংশ নেন তারা হলেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ আরাফাত।

আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রবেশের পর দুপর ১২টা ১৬ মিনিটে হোটেলে উপস্থিত হন মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দলের সদস্যা।

এ দলে ছিলেন-মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন বিকেলে সংসদের বিরোধীদল জাতীয়পার্টির সঙ্গে বসবে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গেও তাদের বসার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এ পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধির সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যদের আলোচনা করার কথা রয়েছে দলটির।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ